রানিগঞ্জ -: শিল্পায়ন ও যুবসমাজের কর্মসংস্থানের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে বামপন্থী যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রানিগঞ্জে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি রানিগঞ্জের বল্লভপুর পেপার মিল এলাকা থেকে শুরু হয়ে এনএসবি রোড ও শিশু বাগান মোড় অতিক্রম করে সিয়ারসোল রাজবাড়ির কাছে পৌঁছায়। সেখানে প্রায় ১৫ মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পরে সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে DYFI নেতা ধ্রুবজ্যোতি সাহা বলেন, “২০০৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য বল্লভপুর পেপার মিল পুনরুজ্জীবিত করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের শাসনকালে ফের সেই কারখানা বন্ধ হয়ে যায়।” তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে নতুন শিল্প স্থাপনের বদলে একের পর এক পুরনো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, শিল্পায়নের দাবিতে বামপন্থীরা রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে এবং ১৭ জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই আন্দোলনের সূচনা হয়েছে। যতদিন না রাজ্যে শিল্প স্থাপন শুরু হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে বলেও তিনি স্পষ্ট করেন।
ধ্রুবজ্যোতি সাহা বলেন, “কারখানার জমিতে কারখানাই গড়ে তুলতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।”
বামপন্থীরা নির্বাচনে সাফল্য পাচ্ছে না—এই প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন, “গত কয়েকটি নির্বাচনে রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অঘোষিত বোঝাপড়ার কারণে সুষ্ঠু নির্বাচন হয়নি। তবে এবার বামপন্থীরা সম্পূর্ণ প্রস্তুত এবং কোনো ধরনের নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হতে দেওয়া হবে না।”
Reviewed by Social Tribal News Journalist
on
January 27, 2026
Rating:


No comments: