পুরুলিয়া, সাঁতুড়ি -: সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার দাবিতে সরস্বতী পুজো সহ সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ করার আবেদন জানালেন স্থানীয় আদিবাসী ও গণসংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সাঁতুড়ি ব্লকের অন্তর্গত পরোলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এই মর্মে একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়।
আবেদনকারীদের বক্তব্য, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সংবিধান অনুযায়ী সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান পালন করা সংবিধানবিরোধী। বিদ্যালয় চত্বরে সরস্বতী পুজো বা অন্য কোনো ধর্মীয় আচার পালনের ফলে অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের ভাবাবেগে আঘাত লাগে এবং সামাজিক বিভাজন তৈরি হয় বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনপত্রে সংবিধানের একাধিক অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে—
বিদ্যালয়ে ধর্মীয় আচার পালন সংবিধানের ১৭ ও ২৮ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।
সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদান বা আচার নিষিদ্ধ।
সংবিধানের ৫১(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা ও ধর্মনিরপেক্ষ চেতনা বজায় রাখা।
আবেদনকারীরা জানান, বিদ্যালয়কে ধর্মীয় প্রভাবমুক্ত রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য অবিলম্বে সরস্বতী পুজো সহ সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা জরুরি।
এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে সাঁতুড়ি সার্কেলের পুলিশ প্রশাসন, পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষা দপ্তর এবং একাধিক আদিবাসী ও গণসংগঠনকে।
এদিন আবেদনপত্রে একাধিক স্থানীয় বাসিন্দা ও সংগঠনের প্রতিনিধিদের স্বাক্ষর ছিল। প্রধান শিক্ষক আবেদনটি গ্রহণ করেছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 22, 2026
Rating:

No comments: