রানীগঞ্জ -: রানীগঞ্জ থানার অন্তর্গত আমড়াসতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া চার নম্বর এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা। শনিবার রাতে দিদির বিয়ের অনুষ্ঠানে আনন্দে নাচ-গান করার পরই মৃত্যু হল এক তরুণীর।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মৃত তরুণীর নাম গীতা ভূঁইয়া (২০)। শনিবার ছিল তাঁর বড় দিদির বিয়ে। সারা রাত হাসি-আনন্দে মেতে উঠেছিলেন গীতা। অনুষ্ঠান শেষে রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে যান তিনি। কিন্তু পরদিন সকালবেলা পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করতে গিয়ে দেখেন, গীতা অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন।
তড়িঘড়ি তাঁকে রানীগঞ্জের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। কীভাবে হঠাৎ এমন ঘটনা ঘটল, তা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা।
পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ নিজস্ব উদ্যোগে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 25, 2026
Rating:

No comments: