ভোরে নামাজে যাওয়ার পথে গ্রিল দোকানদারের উপর সশস্ত্র হামলা, রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য বার্নপুরে ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলির খোল উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ
আসানসোল -: ভোরবেলা নামাজ পড়তে যাওয়ার পথে এক গ্রিল দোকানদারের উপর সশস্ত্র দুষ্কৃতীদের হামলা ও তাঁর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আসানসোলের বার্নপুর এলাকায়। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের করিম ডাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, করিম ডাঙ্গা এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী গ্রিল দোকানদার মহঃ সরফুদ্দিন প্রতিদিনের মতো শনিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটরবাইকে করে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি তাঁর সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
যদিও গুলি সরাসরি শরীরে লাগেনি বলে জানা গেছে, তবে আতঙ্কে ও ধাক্কায় মাটিতে পড়ে যান সরফুদ্দিন। পড়ে গিয়ে তাঁর নাকে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। হামলার পর দুষ্কৃতীরা ঘটনাস্থলেই একটি পিস্তল ফেলে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ছুটে এসে গুরুতর আহত সরফুদ্দিনকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (হিরাপুর) ইপ্সিতা দত্ত ও সিআই অশোক সিং মহাপাত্রের নেতৃত্বে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি গুলির খোল উদ্ধার করেছে।
মৃতের ভাই মহঃ জয়নুল জানান, তাঁর দাদার একটি গ্রিল ও রডের দোকান রয়েছে এবং কারোর সঙ্গে কোনও শত্রুতা ছিল না। এলাকার বাসিন্দারাও এই ঘটনায় হতবাক, কারণ সরফুদ্দিনের সঙ্গে কারও কোনও বিবাদ ছিল বলে কেউ জানেন না।
অন্যদিকে মৃতের ভাইপো মহঃ সানু দাবি করেন, তাঁর কাকার মৃত্যু গুলির আঘাতে নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, নাকে গভীর আঘাত বা অন্য কোনও শারীরিক কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্টেই প্রকৃত মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 24, 2026
Rating:

No comments: