নিজস্ব সংবাদদাতা, সালানপুর -: সালানপুর ও বারাবনি সীমানায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাশকুলি মন্দিরা ড্যামে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হল এক তরুণের। জলে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল সুপ্রিয় চক্রবর্তী (২০) নামে এক ছাত্রের। সোমবার কয়েক ঘণ্টার তল্লাশির পর ড্যাম থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স ও পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার, ২৭ সেপ্টেম্বর দুর্গাপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় পড়ুয়া কাশকুলি ড্যামে বেড়াতে এসেছিলেন। ড্যামের জলে নামতে দেখে স্থানীয়রা তাঁদের সতর্কও করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে তাঁরা জলে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই জলের গভীরে তলিয়ে যান সুপ্রিয়।
ঘটনার পরই শুরু হয় খোঁজাখুঁজি। তবে সন্ধ্যা নেমে আসায় অন্ধকারের কারণে সেদিন আর উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে ফের জোরকদমে তল্লাশি শুরু করে সিভিল ডিফেন্সের কর্মী ও পুলিশ। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে ড্যামের জল থেকে উদ্ধার করা হয় সুপ্রিয়ের দেহ।
মৃত সুপ্রিয় আসানসোলের ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও এক স্কুলশিক্ষিকার একমাত্র সন্তান ছিলেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। আনন্দের ভ্রমণ যে এভাবে বিষাদের স্মৃতি হয়ে ফিরবে, তা ভাবতে পারেননি কেউই। ঘটনাকে ঘিরে এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
Reviewed by Social Tribal News Journalist
on
September 28, 2026
Rating:

No comments: