রানিগঞ্জ -: রানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত শনিবার রানিগঞ্জ থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত এক বড়সড় চুরির ঘটনার পর্দাফাঁস করেন। এই চুরির ঘটনাটি ঘটেছিল রানিগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া এলাকায়, টিডিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নিপঙ্কর হাজরার বাসভবনে।
পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য ডঃ হাজরা দক্ষিণ ভারতে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে তিনি দেখেন তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এরপরই তিনি রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।
তদন্তের দায়িত্বে থাকা রানিগঞ্জ থানার দুই আধিকারিক তদন্ত চালিয়ে একটি সন্দেহজনক মোটরবাইকের খোঁজ পান। পরে জানা যায়, ওই মোটরবাইকটি এক মহিলার নামে নথিভুক্ত হলেও তাঁর ছেলে একজন কুখ্যাত অপরাধী, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
পুলিশি অভিযানে আসানসোলের রেলপার এলাকা থেকে মোহাম্মদ আসিফ ও টিপু নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কয়েকটি সোনা-রুপোর গয়না এবং কিছু নগদ টাকা উদ্ধার হয়।
সাংবাদিক সম্মেলনে বিকাশ দত্ত জানান, ডঃ হাজরার বাড়ি থেকে চুরি হওয়া নগদ টাকার একটি বড় অংশ অভিযুক্তরা নেশার কাজে খরচ করে ফেলেছে। তিনি আরও জানান, ধৃত দু’জনই দীর্ঘদিন ধরে অপরাধমূলক কার্যকলাপে জড়িত এবং নেশায় আসক্ত।
চুরির ঘটনায় ব্যবহৃত মোটরবাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। রানিগঞ্জ পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 25, 2026
Rating:

No comments: