সংবাদাতা,পশ্চিম বর্ধমান -: একদিকে যখন দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী সম্প্রদায় নিজেদের হিন্দু পরিচয় মানতে নারাজ এবং প্রকৃতি পূজারী হিসেবে স্বতন্ত্র আদিবাসী ধর্মের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে হিন্দু ধর্মের বিদ্যাদেবী সরস্বতী দেবীর আরাধনায় মেতে উঠতে দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে। এই বৈপরীত্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও প্রশ্ন।
জল, জঙ্গল ও জমির অধিকার রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরেই রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছেন আদিবাসীরা। জেলা সদর থেকে শুরু করে কলকাতার রাজপথ, এমনকি দিল্লির যন্তর মন্তরেও ‘সারি’, ‘সারনা’ ও স্বতন্ত্র আদিবাসী ধর্মের স্বীকৃতির দাবিতে ধর্না-বিক্ষোভ করেছেন বিভিন্ন আদিবাসী সংগঠন। আদিবাসীরা নিজেদের প্রকৃতি পূজারী দাবি করলেও বাস্তবে পশ্চিম বর্ধমানের বহু আদিবাসী গ্রামে সরস্বতী পুজোর আয়োজন চোখে পড়ছে।
যদিও রাজ্যের কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসী দেব-দেবীর আরাধনা থেকে সরে এসে হিন্দু দেবতার পুজোকে ঘিরে আগ্রহ বাড়ছে, আবার অনেক গ্রামে এখনও আদিবাসী সংস্কৃতির চর্চা বজায় রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—আদিবাসী গ্রামের মাঝি-মোড়লদের অনুমতিতেই কি এই পুজোর আয়োজন হচ্ছে? নাকি আদিবাসী সংগঠনগুলির নীরব সম্মতিতেই গ্রামে গ্রামে হিন্দু দেবতার পুজো অনুষ্ঠিত হচ্ছে?
এই বিষয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের কাছে জানতে চাওয়া হলে তারা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ। প্রকাশ্যে প্রতিবাদে না নামার কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু আদিবাসী সমাজসেবকের প্রশ্ন, যদি আদিবাসী সংগঠন বা গ্রাম নেতৃত্ব এই পুজোর অনুমতি না দিয়ে থাকেন, তাহলে আদিবাসী গ্রামে সরস্বতী পুজো হচ্ছে কীভাবে?
এদিকে, কিছু সমাজসেবক ও বিশেষজ্ঞদের দাবি, এই প্রবণতা আদিবাসী সমাজের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। তাঁদের মতে, যদি আদিবাসী সম্প্রদায় নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সচেতন না হন, তবে ভবিষ্যতে তারা ধীরে ধীরে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে পড়বেন এবং একসময় আদিবাসী পরিচয়ই হারিয়ে যাবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আদিবাসী সংগঠনের কর্মী জানিয়েছেন, বিষয়টি নিয়ে শীঘ্রই গ্রামে গ্রামে বৈঠক করা হবে। তাঁদের কথায়, “আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করব—আমরা প্রকৃতি পূজারী, মূর্তি পূজারী নই। নিজেদের শিকড়ে ফিরে যাওয়াই আমাদের লক্ষ্য।”
সব মিলিয়ে, পশ্চিম বর্ধমানের আদিবাসী গ্রামে সরস্বতী পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং আদিবাসী পরিচয়, সংস্কৃতি ও ভবিষ্যৎকে ঘিরে এক গভীর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 23, 2026
Rating:

No comments: