বালুরঘাট -: বালুরঘাটের প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরি মাধব মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। শুধু বালুরঘাট বা উত্তরবঙ্গ নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের নাট্য জগতের এক উজ্জ্বল দিগপাল ছিলেন তিনি।
নাট্য অভিনয় ও নির্দেশনায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অভিনীত ও নির্দেশিত ‘দেবাংশী’ সহ একাধিক নাটক দেশজুড়ে বিপুল প্রশংসা ও সমাদর কুড়িয়েছিল। মঞ্চনাটকের মাধ্যমে সামাজিক ও মানবিক বিষয়কে যেভাবে তিনি তুলে ধরেছেন, তা আজও নাট্য প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে তাঁর প্রয়াণ ঘটে। তবে মৃত্যুর পরেও তাঁর শিল্পীসত্তা ও অবদানকে সম্মান জানাতে চলতি বছরে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সম্মাননার খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে নাট্য জগতের অসংখ্য অনুরাগী। প্রয়াত শিল্পীর পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে ফোন করে তাঁদের এই সুখবর জানানো হয়। তিনি বলেন, “এই সম্মান আমাদের পরিবারের কাছে অত্যন্ত গর্বের ও আবেগের মুহূর্ত।”
পদ্মশ্রী সম্মানের মাধ্যমে হরি মাধব মুখোপাধ্যায়ের আজীবন শিল্প সাধনার স্বীকৃতি পেল দেশ—এমনটাই মত নাট্য প্রেমীদের।
Reviewed by Social Tribal News Journalist
on
January 28, 2026
Rating:

No comments: