নবনির্বাচিত চেয়ারম্যানের হাত ধরে উন্নয়নের পথে বালুরঘাট পৌরসভা
বালুরঘাট -: দায়িত্ব গ্রহণের পরপরই উন্নয়নের কাজে গতি আনলেন বালুরঘাট পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুরজিৎ সাহা। বুধবার পৌরসভার সুবর্ণতট সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌর এলাকার ৪৬টি রাস্তার সংস্কার ও নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার হস্তান্তর করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’ (রাস্তাশ্রী)-র আওতায় এই কাজগুলি বাস্তবায়িত হবে। মোট ৭টি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ২৫টি ওয়ার্ডে ছড়িয়ে থাকা ৪৬টি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও উন্নয়নের কাজ করা হবে।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলিকে নতুন করে মেরামত করে শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার লক্ষ্য নিয়েছে পৌরসভা। বর্ষা শুরু হওয়ার আগেই অধিকাংশ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন,
“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রীর অধীনে আজ আমরা বালুরঘাট শহরের ২৫টি ওয়ার্ডে ৪৬টি রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার তুলে দিলাম। কিছু প্রশাসনিক ও বাস্তব সমস্যার কারণে কাজ শুরু হতে দেরি হলেও, এখন দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
পৌরসভার দাবি, এই রাস্তা সংস্কারের ফলে শহরের যাতায়াত ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনই উপকৃত হবেন ব্যবসায়ী, স্কুল-কলেজগামী পড়ুয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বড় উন্নয়নমূলক উদ্যোগ বলে মনে করছেন শহরবাসী। পৌরসভা সূত্রে আরও জানানো হয়েছে, আগামী দিনে নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ ও রাস্তার আলো উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 22, 2026
Rating:

No comments: