জামুড়িয়া, পশ্চিম বর্ধমান -: এসআইআর (Special Intensive Revision)-এর নামে প্রান্তিক মানুষদের হয়রানি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ তুলে বৃহস্পতিবার জামুড়িয়া ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বামফ্রন্ট। জামুড়িয়া অজয় ইস্ট ও অজয় ওয়েস্ট এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন বাম কর্মী-সমর্থকরা।
এদিন সকাল থেকেই জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হয়। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বামফ্রন্টের একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। উল্লেখ্য, ওই দিনই ব্লক অফিসে এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়া চলছিল। ফলে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই জামুড়িয়া থানার পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত সিপিএম নেতা হারাধন গোপ অভিযোগ করেন,
“এসআইআর-এর শুনানির নামে গরিব মানুষদের বারবার ডেকে বিভিন্ন নথিপত্র চাইছে প্রশাসন। এমন অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের বাবা-মায়ের নামও ঠিকভাবে বলতে পারেন না। তাঁদের এইভাবে হয়রানি করা কেন?”
তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।
“শুনানির নামে যেন প্রকৃত ভোটারদের হেনস্থা না করা হয় এবং কোনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়—এই দাবিতেই আজ আমাদের ডেপুটেশন,” বলেন তিনি।
একদিকে এসআইআর সংক্রান্ত শুনানি, অন্যদিকে বামফ্রন্টের ডেপুটেশন—দু’টি কর্মসূচি একসঙ্গে চলায় ব্লক অফিস চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা। পুলিশ প্রশাসনের তৎপরতায় কোনও অশান্তির ঘটনা ঘটেনি।
Reviewed by Social Tribal News Journalist
on
January 22, 2026
Rating:

No comments: