আসামে আদিবাসী সাঁওতালদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে কলকাতায় আসাম ভবন অভিযান, আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি আদিবাসী ছাত্র সংগঠনের
নিজস্ব সংবাদদাতা, কলকাতা -: আসামে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর উপর লাগাতার নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবং আদিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে শুক্রবার কলকাতার আসাম ভবনের সামনে বিক্ষোভ ও অভিযান কর্মসূচি পালন করল ভারত জাকাত সান্তাড় পৗঠুওয়ৗ গাঁওতা—একটি অরাজনৈতিক আদিবাসী ছাত্র সংগঠন।
এদিন সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের অভিযোগ, আসামে দীর্ঘদিন ধরে আদিবাসী সাঁওতালদের উপর দমন-পীড়ন, উচ্ছেদ, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে দাবি সংগঠনের।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “যতদিন না আসামে আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে এবং তাদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন ও লড়াই চলতেই থাকবে।” তারা কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায়।
বিক্ষোভস্থলে সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।
এই কর্মসূচিকে ঘিরে আসাম ভবন চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। পুলিশি নজরদারিতে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
January 30, 2026
Rating:

No comments: