Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ার বিতর্কিত যুবনেতা প্রেমপাল সিংয়ের অফিসে পুলিশের হানা, জোর জল্পনা রাজনৈতিক মহলে


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া এলাকার একসময়ের বহুল আলোচিত ও বিতর্কিত যুবনেতা প্রেমপাল সিংয়ের পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা এলাকায় অবস্থিত অফিসে বুধবার হঠাৎই পুলিশি অভিযান ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানের কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ না হওয়ায় গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলসহ এলাকাজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা।

প্রেমপাল সিং প্রাক্তন জামুড়িয়া বিধায়ক হরে রাম সিংয়ের পুত্র। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও আচরণকে কেন্দ্র করে তিনি একাধিকবার শিরোনামে উঠে এসেছিলেন। রাজনৈতিক মহলে এমনও আলোচনা ছিল যে, তাঁর প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে প্রকাশ্য সভা থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হরে রাম সিংকে সতর্কবার্তা দিয়েছিলেন। সেই সময় প্রেমপালের নানা কর্মকাণ্ডকে ঘিরে দলের অন্দরেও ব্যাপক সমালোচনা ও চর্চা হয়।

স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েক বছরে প্রেমপাল সিংকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি কার্যত জনসমক্ষে অনুপস্থিত। প্রাক্তন বিধায়ক হরে রাম সিংকে মাঝে মধ্যে এলাকায় দেখা গেলেও প্রেমপাল সিংকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নির্বাচনের পর প্রথম দিকে তাঁকে ঘিরে নানা জল্পনা চললেও ধীরে ধীরে সেই আলোচনা স্তিমিত হয়ে যায়।

ঠিক সেই আবহেই বুধবার বহুলায় তাঁর অফিসে পুলিশের আকস্মিক অভিযান নতুন করে প্রেমপাল সিংকে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এই অভিযানের উদ্দেশ্য বা কী কারণে পুলিশ সেখানে পৌঁছায়, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি।

অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে প্রেমপাল সিংয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায়। ফলে ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এখন প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

জামুড়িয়ার বিতর্কিত যুবনেতা প্রেমপাল সিংয়ের অফিসে পুলিশের হানা, জোর জল্পনা রাজনৈতিক মহলে জামুড়িয়ার বিতর্কিত যুবনেতা প্রেমপাল সিংয়ের অফিসে পুলিশের হানা, জোর জল্পনা রাজনৈতিক মহলে Reviewed by Social Tribal News Journalist on July 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.