Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ইস্টার্ন ট্র্যাক ইন্ডাস্ট্রিতে বিক্ষোভ


 নিজস্ব সংবাদদাতা | সালানপুর -: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার নকরাজোরিয়া এলাকার ইস্টার্ন ট্র্যাক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড-এর প্রধান ফটকে বিক্ষোভে সামিল হন সংস্থার নিরাপত্তারক্ষীরা। সকাল প্রায় ৬টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে কারখানার মূল ফটকের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষের তরফে দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, টানা তিন মাস ধরে বেতন না পাওয়ায় তাঁদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। অনেকেরই ডিউটিতে যাতায়াতের ভাড়া জোগাড় করাও দুষ্কর হয়ে উঠেছে। বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন নিরাপত্তারক্ষীরা।

কর্মীদের বক্তব্য, বেতন প্রদানে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছিল। কিন্তু বারবার আশ্বাস মিললেও বাস্তবে বেতন না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন।

সরকারি ও কর্পোরেট নথি অনুযায়ী, ইস্টার্ন ট্র্যাক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ‘জয় দাদি গ্রুপ’-এর অন্তর্গত একটি সংস্থা। মূলত রেলপথের বিভিন্ন যন্ত্রাংশ ও ফিটিংস তৈরির কাজ করে এই শিল্প প্রতিষ্ঠান। সংস্থার পরিচালকদের মধ্যে রয়েছেন সুভাষ কুমার কেডিয়া ও জ্যোতি কেডিয়া।

ঘটনা সম্পর্কে সংস্থার বক্তব্য জানতে পরিচালক সুভাষ কুমার কেডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনি মাথা ঘামাবেন না, আমি বুঝে নেব। বিষয়টি আমি মিটিয়ে নেব।” তবে বেতন বকেয়া থাকার অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কোনও মন্তব্য করেননি।

অবশেষে কর্মীদের আন্দোলনের চাপে সকাল প্রায় ৮টার সময় কর্তৃপক্ষ বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দেয়। এরপরই নিরাপত্তারক্ষীরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী অভিযোগ করেন, শুধু বেতন বকেয়াই নয়, শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের ব্যবহার নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। তাঁর দাবি, শ্রমিকদের প্রতি যথাযথ সম্মান দেখানো হয় না। যদিও এই অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে পৃথকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিল্পাঞ্চলে শ্রমিকদের সময়মতো বেতন প্রদান এবং শ্রমিক-প্রশাসনের সুস্থ সম্পর্ক বজায় রাখা যে কোনও শিল্প প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। এই ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট মহলে সেই প্রশ্নই আবারও সামনে উঠে এসেছে।

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ইস্টার্ন ট্র্যাক ইন্ডাস্ট্রিতে বিক্ষোভ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ইস্টার্ন ট্র্যাক ইন্ডাস্ট্রিতে বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on July 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.