নিজস্ব সংবাদদাতা, বারাবনী -: রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সহায়তার ৩ হাজার টাকা হাতে পেয়ে আনন্দে মেতে উঠলেন বারাবনী বিধানসভার পানুড়িয়া হাটতলা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। শনিবার তাঁরা একত্রিত হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে নিজেদের আনন্দ ভাগ করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যোজনার অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর পর থেকেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। কয়েকশো মহিলা হাটতলা এলাকায় জড়ো হয়ে পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের হাতে মিষ্টি তুলে দেন। একই সঙ্গে তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেন।
উপভোক্তা মহিলাদের বক্তব্য, সরকার সব সম্প্রদায়ের মানুষের কথা ভেবে একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে। অন্নপূর্ণা যোজনার এই আর্থিক সহায়তা তাঁদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও দাবি করেন তাঁরা। তাঁদের কথায়, “সরকার আমাদের পাশে রয়েছে, তাই এই সাহায্য পেয়ে আমরা খুবই আনন্দিত।”
অন্নপূর্ণা যোজনার অর্থ হাতে পাওয়ার আনন্দে পানুড়িয়া হাটতলা বাজার এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশও এই আনন্দঘন মুহূর্তে শামিল হন।
Reviewed by Social Tribal News Journalist
on
July 04, 2026
Rating:

No comments: