খনি অঞ্চলের ঐতিহ্যের সাক্ষী ‘বিশাল পিতলের রথ’ — শান্তিপূর্ণ রথযাত্রায় প্রশাসনের কড়া নজর, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের খনি অঞ্চলের ঐতিহ্য, ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে সিয়াড়সোল রাজ পরিবারের শতাব্দীপ্রাচীন বিশাল পিতলের রথ। প্রতিবছরের মতো এবছরও সেই ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। আর উৎসব যাতে নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আগেভাগেই মাঠে নেমেছে প্রশাসন।
শুক্রবার জেলাশাসকের নির্দেশে সিয়াড়সোল রাজ পরিবারের ঐতিহ্যবাহী পিতলের রথ পরিদর্শন করেন আসানসোলের মহকুমা শাসক সাধন দেবনাথ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নিজামুল হুডা রাজ পরিবারের সদস্য বিটল নাথ মালিয়া ও অনুরাধা মালিয়া সরাফ। এছাড়াও এসএসসিএ ক্লাবের সদস্যদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা।
পরিদর্শনের সময় রথের বর্তমান অবস্থা, রথ টানার রুট, সম্ভাব্য প্রতিবন্ধকতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। কোথাও যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
একসময় এই ঐতিহ্যবাহী পিতলের রথ নতুন করে নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে এবারও বহু বছরের পুরনো সেই ঐতিহ্যের রথকেই যত্নসহকারে সংস্কার ও পালিশ করে রথযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় মানুষের কাছে এই রথ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের অংশ নয়, এটি খনি অঞ্চলের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে সিয়াড়সোলের ঐতিহ্যবাহী রথ মেলা। সেদিন সকালে নতুন রাজবাড়ি থেকে ট্রাকের মাধ্যমে রথটি পুরনো রাজবাড়ির সামনে নিয়ে আসা হবে। এরপর হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ দড়ি টেনে এবং অনেকেই হাত দিয়ে ঠেলে এই বিশাল পিতলের রথকে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিবছরের মতো এবারও রথ টানাকে ঘিরে জনসমাগমের সম্ভাবনা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রার দিন যান চলাচল স্বাভাবিক রাখা, মেলায় দোকানগুলিকে নিয়ম মেনে বসানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই প্রশাসন ও মেলা কমিটির প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এবারের রথযাত্রাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি।
Reviewed by Social Tribal News Journalist
on
July 10, 2026
Rating:
_of_Searsole_Rajbari,_West_Bengal,_India%20(3).jpg)

No comments: