Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোলে গরু পাচারের সন্দেহে দুই যুবক আটক, তদন্তে পুলিশ


 আসানসোল , নিজস্ব সংবাদদাতা -: আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউসিং কলোনির দিকে যাওয়ার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় গরু পাচারের সন্দেহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই যুবক দুটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকায় ভিড় জমে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল, কার্তিক-সহ একাধিক কর্মী ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয়দের অভিযোগ, পরে আটক দুই যুবককে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

আটক দুই যুবকের নাম জাবেদ ও কালাম বলে জানা গিয়েছে। তবে তাঁরা কী উদ্দেশ্যে বাছুর দুটি নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

পরিস্থিতির খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আসানসোল নর্থ থানা ও কন্যাপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গরু পাচারের অভিযোগের কোনও সরকারি নিশ্চিত প্রমাণ মেলেনি। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একাংশের বাসিন্দার ধারণা, এটি সংগঠিত গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত হতে পারে। আবার অন্য একটি অংশের মতে, বিষয়টি ভুল বোঝাবুঝির ফলও হতে পারে। ফলে তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকেই এখন নজর সকলের।

আসানসোলে গরু পাচারের সন্দেহে দুই যুবক আটক, তদন্তে পুলিশ আসানসোলে গরু পাচারের সন্দেহে দুই যুবক আটক, তদন্তে পুলিশ Reviewed by Social Tribal News Journalist on July 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.