আসানসোল জেলা হাসপাতালে চালু নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ১০ শয্যার বিশেষ ইউনিট, চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার ও মায়ের থাকার ব্যবস্থাও
নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১০ জুলাই -: অপুষ্টিতে ভোগা শিশুদের উন্নত চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হল নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার (এনআরসি)। রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফিতে কেটে এই অত্যাধুনিক কেন্দ্রের উদ্বোধন করেন।
হাসপাতালের জরুরি বিভাগের উপরের তলায় গড়ে তোলা হয়েছে ১০ শয্যার এই বিশেষ ইউনিট। মূলত পাঁচ বছর বয়স পর্যন্ত অপুষ্টিতে আক্রান্ত শিশুদের এখানে ভর্তি করে চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ এবং পুষ্টি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুদের অন্তত ১৪ দিন ভর্তি রেখে বিশেষ খাদ্যতালিকা অনুযায়ী পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এই কেন্দ্রের অন্যতম বিশেষ দিক হল, চিকিৎসাধীন শিশুর সঙ্গে তার মায়েরও একই ওয়ার্ডে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আলাদা ফিডিং জোন এবং প্লে-জোন তৈরি করা হয়েছে। প্লে-স্কুলের আদলে সাজানো ওই প্লে-জোনে বিভিন্ন রঙিন খেলনার মাধ্যমে শিশুদের আনন্দময় পরিবেশে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডা. মহম্মদ ইউনুস, আসানসোল জেলা হাসপাতালের নবনিযুক্ত সুপার ডা. তপন কুমার বিশ্বাস, প্রাক্তন সুপার ডা. নিখিল চন্দ্র দাস-সহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। আসানসোল জেলা হাসপাতালে শুধু পশ্চিম বর্ধমান নয়, পার্শ্ববর্তী জেলা এবং প্রতিবেশী রাজ্য থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। ফলে এই নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হওয়ায় অপুষ্টিতে ভোগা শিশুদের উন্নত চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বহু পরিবার সরাসরি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Reviewed by Social Tribal News Journalist
on
July 10, 2026
Rating:

No comments: