বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বল্লভপুর গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার উপহার ভারত বিকাশ পরিষদের
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: সমাজের প্রতি দায়বদ্ধতা পালন এবং পড়ুয়াদের সুস্থ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ নিল সমাজসেবী সংগঠন ভারত বিকাশ পরিষদ। মঙ্গলবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের পক্ষ থেকে একটি আধুনিক ওয়াটার পিউরিফায়ার প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা-সামগ্রী ও উপহার, যা পেয়ে খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল তাদের অন্যতম সমস্যা। বিষয়টি উপলব্ধি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত বিকাশ পরিষদের কাছে ওয়াটার পিউরিফায়ারের আবেদন জানান। সেই আবেদনে দ্রুত সাড়া দিয়ে সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের সভাপতি প্রদীপ বাজোরিয়া, সম্পাদক অরুণোময় কুণ্ডু, ৯১ নম্বর ওয়ার্ডের শক্তি প্রধান ও রানীগঞ্জ বিধানসভার মিডিয়া কনভেনার দেবাশীষ কেওড়া এবং সমাজসেবী সোনু বরনওয়াল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দাস বলেন, “ভারত বিকাশ পরিষদের এই উদ্যোগ আমাদের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করল। বিশেষভাবে ধন্যবাদ জানাই সংগঠনের সভাপতি প্রদীপ বাজোরিয়াকে, যার আন্তরিক প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ শুধু ওয়াটার পিউরিফায়ারই নয়, ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা-সামগ্রী ও উপহারও তুলে দেওয়া হয়েছে। এতে ওদের মুখে যে হাসি ফুটেছে, সেটাই এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। এমন উদ্যোগ পড়ুয়াদের বিদ্যালয়ের প্রতি আরও উৎসাহিত করবে।”
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ ভারত বিকাশ পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি এভাবেই সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 07, 2026
Rating:

No comments: