Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

একদিনে তিন কাউন্সিলরের পদত্যাগে আসানসোল পুরনিগমে তীব্র রাজনৈতিক জল্পনা


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: একদিনে তিন কাউন্সিলরের পদত্যাগে আসানসোল পুরনিগমের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র, ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান চৈতন্য মাঝি এবং ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. দেবাশীষ সরকার তাঁদের পদ থেকে ইস্তফা দেন। চৈতন্য মাঝি বরো চেয়ারম্যানের দায়িত্বও ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, ডা. দেবাশীষ সরকার এর আগেই বরো চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তিনি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিলেন।

একদিনে তিন জনপ্রতিনিধির পদত্যাগের ঘটনায় পুরনিগমের অন্দরে যেমন জল্পনা বেড়েছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। যদিও তিনজনই তাঁদের পদত্যাগের পেছনে আলাদা আলাদা কারণের কথা জানিয়েছেন।

ডা. দেবাশীষ সরকার জানান, সাধারণ মানুষের প্রয়োজনীয় শংসাপত্রে স্বাক্ষরসহ যাবতীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করার পরই তিনি পদত্যাগ করেছেন, যাতে কোনও নাগরিক সমস্যায় না পড়েন। তাঁর বক্তব্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নিজের নীতি ও ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারছিলেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, যে রাজনৈতিক দলের টিকিটে তিনি নির্বাচিত হয়েছিলেন, এখনও সেই দলের সঙ্গেই রয়েছেন। যদিও দলের নাম ও নির্বাচনী প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কের কারণে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, চৈতন্য মাঝি জানান, দীর্ঘদিন ধরে তাঁর মা গুরুতর অসুস্থ। বাবার মৃত্যুর পর মায়ের চিকিৎসার জন্য তাঁকে নিয়মিত শহরের বাইরে যেতে হচ্ছে। ফলে ওয়ার্ডের বাসিন্দাদের যথেষ্ট সময় দিতে পারছিলেন না। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার অনুভূতি থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদে না থাকলেও মানুষের পাশে থেকে আগের মতোই কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রও পদত্যাগ করেছেন। যদিও তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।

এ প্রসঙ্গে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক নির্বাচিত জনপ্রতিনিধির নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কেউ যদি মনে করেন তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে পদত্যাগ করা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেটিকে সম্মান জানানো উচিত।

তিনি আরও জানান, তিন কাউন্সিলরের পদত্যাগে পুরনিগমের কাজকর্ম বা নাগরিক পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। বর্ষাকালে নাগরিক পরিষেবা সচল রাখতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একদিনে তিন কাউন্সিলরের পদত্যাগে আসানসোল পুরনিগমের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, এই ঘটনায় আগামী দিনে পুরনিগমের রাজনৈতিক কৌশল এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। এখন সকলের নজর পুরনিগম ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির পরবর্তী পদক্ষেপের দিকে।

একদিনে তিন কাউন্সিলরের পদত্যাগে আসানসোল পুরনিগমে তীব্র রাজনৈতিক জল্পনা একদিনে তিন কাউন্সিলরের পদত্যাগে আসানসোল পুরনিগমে তীব্র রাজনৈতিক জল্পনা Reviewed by Social Tribal News Journalist on July 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.