৬ মাসেও মিলছে না জন্ম-মৃত্যু শংসাপত্র! কর্পোরেশনে চরম ভোগান্তি, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ; দপ্তরে হাজির বিজেপি যুব নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তরে চরম প্রশাসনিক গাফিলতির অভিযোগে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি পেতে মাসের পর মাস দপ্তরের দরজায় ঘুরেও খালি হাতে ফিরতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে কর্পোরেশনের জন্ম-মৃত্যু শাখায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। এর জেরে স্কুলে ভর্তি, আধার ও ভোটার কার্ড সংশোধন, পাসপোর্ট, সরকারি-বেসরকারি বিভিন্ন পরিষেবা ও প্রকল্পের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই দীর্ঘদিনের ভোগান্তির অভিযোগ খতিয়ে দেখতে বুধবার রানীগঞ্জের তারবাংলা জলট্যাংকি এলাকায় অবস্থিত জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তরে সরেজমিনে পৌঁছান স্থানীয় বিজেপি যুব নেতৃত্ব। সেখানে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ চোখে পড়ে তাদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও বারবার দপ্তরে ডেকে পাঠানো হচ্ছে। প্রতিবারই জানানো হচ্ছে, "পোর্টাল কাজ করছে না", ফলে নিবন্ধনের কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। অনেকেই দাবি করেছেন, ছয় মাসেরও বেশি সময় ধরে একই অজুহাত শুনতে শুনতে তাঁরা কার্যত অসহায় হয়ে পড়েছেন।
অভিযোগ আরও গুরুতর। বিজেপি যুব নেতৃত্বের দাবি, নির্ধারিত সময়ে দপ্তরে গিয়েও অধিকাংশ কর্মীকে অনুপস্থিত দেখা যায়। কেউ সকাল সাড়ে ১০টায়, কেউ ১১টায়, আবার কেউ সাড়ে ১১টার পর অফিসে পৌঁছান। ফলে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের নিয়ে আসা পরিবারগুলিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়েব পোর্টাল অচল থাকার কারণে শত শত আবেদন ঝুলে রয়েছে। অথচ সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রশাসনিক উদাসীনতার জেরেই সাধারণ মানুষের ন্যায্য পরিষেবা প্রাপ্তি আজ প্রশ্নের মুখে বলে অভিযোগ উঠেছে।
বিজেপি যুব নেতৃত্ব দপ্তরের কর্মীদের সময়মতো উপস্থিত থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষকে অযথা হয়রানি না করে দ্রুত নথি যাচাই করে জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদান করার দাবি তোলেন।
যদিও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েব পোর্টাল সংক্রান্ত সমস্যার বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—জন্ম ও মৃত্যুর মতো মৌলিক নাগরিক পরিষেবা যদি মাসের পর মাস অচল থাকে, তাহলে সাধারণ মানুষের এই দুর্ভোগের দায় নেবে কে? আর কবে স্বাভাবিক হবে রানীগঞ্জের জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তরের পরিষেবা? উত্তর খুঁজছেন ভুক্তভোগী মানুষ।
Reviewed by Social Tribal News Journalist
on
July 08, 2026
Rating:

No comments: