নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: বামপন্থী নেতা তাপস সিনহার উপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় উত্তাল হয়ে উঠল জামুড়িয়ার বোগড়া মোড়। সারা ভারত কৃষক সভার জামুড়িয়া পশ্চিম থানা কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেন বামপন্থী কর্মী-সমর্থকরা। হাতে লাল পতাকা নিয়ে এলাকাজুড়ে মিছিল করার পর বোগড়া মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সভা থেকে কৃষক সভার নেতৃত্ব অভিযোগ করেন, আরএসএস ও বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে বাম নেতা তাপস সিনহার উপর হামলা চালায়। ওই হামলায় তাঁর হাতে গুরুতর চোট লাগে বলে দাবি করা হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তোলা হয়।
প্রতিবাদ সভা থেকে বাম নেতৃত্ব আরও অভিযোগ করে, রাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার উদ্দেশ্যে শাসকদল বিভিন্নভাবে রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে। তাদের দাবি, 'গুন্ডা দমন আইন'-এর অপব্যবহার করে বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।
শুধু রাজনৈতিক কর্মীদের উপর হামলাই নয়, হকারদের উপর প্রশাসনিক অত্যাচারের অভিযোগও তুলে সরব হন বক্তারা। তাঁদের বক্তব্য, জীবিকা রক্ষার লড়াইয়ে থাকা সাধারণ মানুষের উপর যে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভা থেকে কৃষক সভার নেতারা স্পষ্ট বার্তা দেন, অন্যায়, নির্যাতন ও গণতান্ত্রিক অধিকার খর্বের বিরুদ্ধে তাদের আন্দোলন ভবিষ্যতেও জোরদার হবে। তাঁরা বলেন, "ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে বামপন্থী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো হবে।"
প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে বোগড়া মোড় এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
Reviewed by Social Tribal News Journalist
on
July 13, 2026
Rating:

No comments: