নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২ জুলাই -: মাদক পাচার রুখতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য মিলল। শিয়ালদহ এলাকা থেকে ১০২ গ্রাম হেরোইন-সহ এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে এসটিএফ।
ধৃতের নাম তরিত মজুমদার (৫২)। তিনি নদিয়া জেলার তেহট্ট থানার দেবান্তপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এন্টালি থানার অন্তর্গত শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে ১০২ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যা সঙ্গে সঙ্গেই বাজেয়াপ্ত করা হয়।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে এসটিএফ থানায় মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্তকারীদের অনুমান, ধৃত ব্যক্তি একটি বৃহত্তর মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। উদ্ধার হওয়া হেরোইন কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত— সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা পাচারচক্রের শিকড় খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ।
No comments: