ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে ‘বিজেপি-জয়ের স্বাগত-গীতি’র উদ্বোধন, বিধায়ক বিজন মুখার্জির হাতে প্রকাশ পেল দ্বিভাষিক কাব্যগ্রন্থ
নিজস্ব সংবাদদাতা | জামুড়িয়া -: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী চিন্তাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জামুড়িয়া বিধানসভার বিজপুরে বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জামুড়িয়ার নিঘা এলাকার ঐতিহ্যবাহী নিঙ্গেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত আর্য প্রহ্লাদ গিরি রচিত ‘বিজেপি-জয়ের স্বাগত-গীতি’-র বাংলা ও হিন্দি সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন।
জামুড়িয়ার বিধায়ক ড. বিজন মুখার্জি আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এদিন পণ্ডিত আর্য প্রহ্লাদ গিরি বিধায়ককে গায়ত্রী মন্ত্র খচিত উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং নিজের হাতে তৈরি পুষ্পস্তবক উপহার দেন। পাশাপাশি তিনি তাঁর স্বরচিত কাব্যের বাংলা ও হিন্দি সংস্করণের কপিও বিধায়কের হাতে তুলে দেন। গ্রন্থটি পর্যালোচনা করে ড. মুখার্জি লেখকের দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা এবং জাতীয় ভাবনায় সমৃদ্ধ সৃষ্টির প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ আজও দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয় চেতনাকে শক্তিশালী করে। তিনি আরও জানান, নিঘা এলাকায় নির্মীয়মাণ ছটপুজো ঘাটের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতি গঠনে অবদান স্মরণ করেন। তাঁর ঐতিহাসিক আহ্বান— “এক দেশে দুই বিধান, দুই নিশান ও দুই প্রধান চলবে না”— স্মরণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অমর রহে’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এদিনের অনুষ্ঠানে রাজু কুমার (মেডিক্যাল), অশোক হিন্দু, জিতেন্দ্র বর্মা, রাহুল মণ্ডল, লক্ষ্মী সাউ-সহ নিঘা এলাকার বহু বিজেপি কর্মী-সমর্থক ও বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন।
Reviewed by Social Tribal News Journalist
on
July 06, 2026
Rating:

No comments: