প্রতিবেদক | অন্ডাল -: দিনের আলোয় ব্যস্ত বাজার এলাকায় সোনার দোকানে চুরির দুঃসাহসিক চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হল পুলিশের দ্রুত তৎপরতা ও স্থানীয় মানুষের সক্রিয় ভূমিকার ফলে। সোমবার সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ অন্ডাল মোড় সংলগ্ন উখড়া-অন্ডাল সড়কের পাশে অবস্থিত কুণ্ডু মার্কেটের একটি সোনার দোকানে গ্রাহক সেজে ঢুকে সোনার নাকের নথ চুরি করে পালানোর চেষ্টা করে এক ব্যক্তি। তবে বেশিক্ষণ পালিয়ে থাকতে পারেনি সে। অন্ডাল থানার পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে অভিযুক্ত।
জানা গিয়েছে, দোকানে এসে ওই ব্যক্তি প্রথমে একটি সোনার নাকের নথ দেখতে চান। দোকান মালিক শ্রীকান্ত পাল নথটি দেখানোর সঙ্গে সঙ্গেই সেটি হাতে নিয়ে দৌড় দেয় অভিযুক্ত। বিষয়টি বুঝতে পেরে দোকান মালিক চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান অন্ডাল থানার ওসি প্রীতম পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় বাজার সংলগ্ন একটি ঝোপের মধ্যে আত্মগোপন করে থাকা অভিযুক্তকে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তার পকেট থেকেই উদ্ধার হয় চুরি হওয়া সোনার নাকের নথ।
দোকান মালিক শ্রীকান্ত পাল জানান, ধৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন এবং আগে কখনও তাকে দেখা যায়নি। গ্রাহকের ছদ্মবেশে এসে পরিকল্পিতভাবেই চুরির চেষ্টা চালিয়েছিল বলে তাঁর দাবি।
পুলিশ অভিযুক্তকে আটক করে অন্ডাল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিযুক্তের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দিনদুপুরে এমন ঘটনার জেরে কিছু সময়ের জন্য বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, পুলিশের দ্রুত পদক্ষেপে চুরি যাওয়া গয়না উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ীদের মধ্যে। পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন অন্ডালের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
July 06, 2026
Rating:


No comments: