উল্টো রথের মেলায় চোর সন্দেহে একাধিক মহিলা-পুরুষ আটক, ব্লেড-সহ সরঞ্জাম উদ্ধার; পুলিশের তৎপরতার প্রশংসায় রানীগঞ্জ রাজবাড়ি
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: উল্টো রথ উপলক্ষে শুক্রবার রানীগঞ্জ রাজবাড়ির ঐতিহ্যবাহী মেলায় হাজার হাজার ভক্তের সমাগমের মধ্যেই চোর সন্দেহে একাধিক মহিলা ও পুরুষকে আটক করে রানীগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজনদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে ব্লেড-সহ কয়েকটি সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান, ওই সরঞ্জামগুলি ব্যবহার করে ভিড়ের মধ্যে পকেটমারি বা চুরির ঘটনা ঘটানো হতো। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
স্থানীয় এক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরেই মেলায় বসা দোকানদারদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ আসছিল। পাশাপাশি দর্শনার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও সামনে আসে। সেই কারণেই পুলিশ আগে থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল। শুক্রবার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রানীগঞ্জ রাজবাড়ির সদস্য অনুরাধা মালিয়া শরাফ বলেন, " আগেও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে মেলার প্রাঙ্গনে কিন্তু সেরকম কিছু পদক্ষেপ নেওয়া হতো না এবার কিন্তু প্রশাসন খুব সতর্ক। তবে গত কয়েকদিন ধরে মেলায় আসা কিছু মানুষের মোবাইল, মানিব্যাগ-সহ বিভিন্ন জিনিস চুরি যাওয়ার খবর আমাদের কাছেও পৌঁছেছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, চোর সন্দেহে কয়েকজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তদন্তে যদি তারা দোষী প্রমাণিত হন, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"
তিনি আরও বলেন, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে রানীগঞ্জ থানার পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পুলিশের এই তৎপরতা ও নজরদারির ভূয়সী প্রশংসাও করেন তিনি।
এদিকে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। মেলার নিরাপত্তা বজায় রাখতে গোটা এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 24, 2026
Rating:


No comments: