Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান, বুলডোজার নিয়ে নামল পুরনিগম


 নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর -: শহরের সরকারি জমি দখল ও নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল দুর্গাপুর পুরনিগম। মঙ্গলবার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একযোগে অভিযান চালিয়ে অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করে পুরনিগম। অভিযানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখে স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ নির্মাণের ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না।

অভিযানের প্রথম পর্বে ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভবনে অনুমোদিত নকশা ছাড়াই নির্মিত বিশাল জলাধার (ওয়াটার ট্যাঙ্ক) ভাঙার উদ্যোগ নেয় পুরনিগম। বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হলেও কাঠামোটি অত্যন্ত শক্তপোক্ত হওয়ায় তা সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়নি। পরে সংশ্লিষ্ট নির্মাতাকে তিন দিনের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ অংশ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে পুরনিগম নিজেই ভাঙার কাজ করবে এবং নিয়ম অনুযায়ী তিনগুণ পর্যন্ত জরিমানা আদায় করা হবে বলে জানানো হয়েছে।

এরপর ১৫ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং নগর এলাকায় রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগের তদন্তে নামে পুরনিগম। আধিকারিকরা ঘটনাস্থলে জমি পরিমাপ করে নির্মাণটি সরকারি জমি বা রাস্তার উপর হয়েছে কি না, তা যাচাই করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, অতীতে নির্মাণ বিধি লঙ্ঘনের কারণে শহরের বিভিন্ন প্রান্তে অনুমোদিত নকশার বাইরে বহুতল নির্মাণ হয়েছে। বর্তমান প্রশাসন সেই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুরনিগমের আধিকারিকদের বক্তব্য, অনুমোদনহীন নির্মাণ, সরকারি জমি দখল এবং নির্মাণ আইন লঙ্ঘনের ঘটনায় কোনওরকম ছাড় দেওয়া হবে না। শহরজুড়ে নিয়মিত নজরদারি চালিয়ে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পুরনিগমের এই অভিযানের পর শহরের অবৈধ নির্মাণকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শহরবাসীর একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, পরিকল্পিত নগর উন্নয়ন ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি।

দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান, বুলডোজার নিয়ে নামল পুরনিগম দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান, বুলডোজার নিয়ে নামল পুরনিগম Reviewed by Social Tribal News Journalist on July 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.