দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দপ্তরের হানা, নথি খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর -: রাজ্যজুড়ে ব্লাড ব্যাঙ্কগুলির কার্যকলাপ ও রক্ত সংরক্ষণ ব্যবস্থার উপর নজরদারি আরও কড়া করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই অভিযানের অংশ হিসেবেই মঙ্গলবার সকালে দুর্গাপুরের অন্ডাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দল। সকাল থেকেই ব্লাড ব্যাঙ্কের বিভিন্ন নথি ও রেকর্ড খতিয়ে দেখার কাজ চলে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ব্লাড ব্যাঙ্কের লাইসেন্সের বৈধতা, রক্ত সংগ্রহ ও বিতরণের নথি, সংরক্ষণ ব্যবস্থা, স্টক রেজিস্টার এবং সরকারি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারী দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
তদন্ত চলাকালীন ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। প্রয়োজনে আরও তথ্য ও নথি সংগ্রহ করা হতে পারে বলেও সূত্রের দাবি। তবে এই অভিযান নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অবৈধভাবে রক্ত বিক্রি এবং রক্তের লেনদেনে অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে বিশেষ নজরদারি ও নথি যাচাই অভিযান শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার অন্ডালের ওই বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই পরিদর্শন ও নথি যাচাই অভিযান চালানো হয়। তদন্তে কী তথ্য উঠে আসে এবং স্বাস্থ্য দপ্তর পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
Reviewed by Social Tribal News Journalist
on
July 28, 2026
Rating:


No comments: