Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জ বোরো-২ অফিসে সিআইটিইউর পতাকা অপসারণের অভিযোগে বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে সরব শ্রমিক সংগঠন


 নিজস্ব সংবাদদাতা , রানীগঞ্জ -: আসানসোল পুরনিগমের রানীগঞ্জ বোরো-২ অফিসের বাইরে সিআইটিইউ অনুমোদিত রানীগঞ্জ মিউনিসিপ্যাল মজদুর ইউনিয়নের লাল পতাকা খুলে বিজেপির পতাকা লাগানোর অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিকেলে বিক্ষোভে সামিল হলেন সিআইটিইউ ও তাদের সহযোগী গণসংগঠনের কর্মী-সমর্থকেরা। বোরো অফিসের সামনে লাল পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন আন্দোলনকারীরা।

প্রতিবাদ সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, একটি সরকারি বোরো অফিস কোনও রাজনৈতিক দলের কার্যালয় নয়। সেখানে দীর্ঘদিন ধরে থাকা সরকার স্বীকৃত শ্রমিক সংগঠনের পতাকা সরিয়ে রাজনৈতিক দলের পতাকা লাগানো গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাঁদের দাবি, এই ঘটনায় পৌর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিআইটিইউ নেতৃত্বের বক্তব্য, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তাঁরা বলেন, এ ধরনের পদক্ষেপ শ্রমিক সংগঠনের অধিকার খর্ব করার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে।

এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সুপ্রিয় রায়, সঞ্জয় প্রামাণিক ও রামকৃষ্ণ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান রুনু দত্ত-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিজেপির কয়েকজন কর্মী বোরো-২ অফিসের সামনে থাকা সিআইটিইউর লাল পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেন বলে অভিযোগ। সেই ঘটনার জেরেই শনিবারের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

সিআইটিইউ সূত্রে দাবি, ১৯৫৫ সালে পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি ও শ্রমিক স্বার্থরক্ষার দাবিতে রানীগঞ্জ মিউনিসিপ্যাল মজদুর ইউনিয়ন গঠিত হয়। পরবর্তীকালে সংগঠনটি সিআইটিইউর অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে অল বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কসম্যান ফেডারেশনের অধীনে পরিচালিত হচ্ছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে পৌর কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ), মৃত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি, সাফাইকর্মীদের স্বাস্থ্যবিমা, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। রানীগঞ্জ বোরো-২ এলাকায় এই ইউনিয়নের সদস্য সংখ্যা ১২০-রও বেশি বলে দাবি সংগঠনের।

সিআইটিইউ নেতৃত্বের অভিযোগ, সরকার স্বীকৃত শ্রমিক সংগঠনের পতাকা অপসারণ করে বিজেপি অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে। তাঁদের দাবি, শ্রমিক সংগঠনের ওপর রাজনৈতিক দাদাগিরি বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

রানীগঞ্জ বোরো-২ অফিসে সিআইটিইউর পতাকা অপসারণের অভিযোগে বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে সরব শ্রমিক সংগঠন রানীগঞ্জ বোরো-২ অফিসে সিআইটিইউর পতাকা অপসারণের অভিযোগে বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে সরব শ্রমিক সংগঠন Reviewed by Social Tribal News Journalist on July 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.