সিঙ্গারন নদী দখলমুক্ত, হাড়াভাঙ্গা সেতুর সংস্কারে কড়া বার্তা; জনতার দরবারে সমস্যার পাহাড় শুনে দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রা পালের
নিজস্ব সংবাদদাতা,রানীগঞ্জ -: সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ শুনলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। শনিবার রানীগঞ্জের অমৃত নগর সংলগ্ন এলাকায় আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের নানা সমস্যা শোনেন তিনি। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নথিভুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জনতার দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জামুড়িয়ার ঐতিহ্যবাহী সিঙ্গারন নদীর অবৈধ দখল এবং রানীগঞ্জের হাড়াভাঙ্গা সেতুর বেহাল অবস্থা। এলাকাবাসীর অভিযোগ, নদীর চর দখল করে একাধিক শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ হওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সমস্ত বিষয় খতিয়ে দেখে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গারন নদীকে বাঁচাতে যা প্রয়োজন, সেই পদক্ষেপ নেওয়া হবে।”
একই সঙ্গে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে ওঠা হাড়াভাঙ্গা সেতু নিয়েও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ শোনার পর মন্ত্রী জানান, সেতুটির বর্তমান অবস্থা দ্রুত পর্যালোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
এদিনের জনতার দরবারে শুধু এই দুটি বিষয়ই নয়, বরং জমি সংক্রান্ত জটিলতা, ভাঙাচোরা রাস্তাঘাট, পানীয় জলের তীব্র সংকট, বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও প্রতারণার অভিযোগ-সহ একাধিক জনস্বার্থের বিষয় উঠে আসে। বহু মানুষ সরাসরি মন্ত্রীর হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেন। তিনি প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “গত ১৫ বছরে উন্নয়নের নামে মানুষের সঙ্গে শুধু প্রহসন হয়েছে। চারিদিকে প্রতারণা আর প্রতারণা। আজ আমরা মানুষের সমস্যা শুনেছি। প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রীকে সরাসরি নিজেদের সমস্যা জানাতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনিক সূত্রের খবর, জনতার দরবারে উত্থাপিত প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রক্রিয়া শুরু করা হবে। বিশেষ করে সিঙ্গারন নদী দখলমুক্ত করা এবং হাড়াভাঙ্গা সেতুর সংস্কার নিয়ে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপের ইঙ্গিত মিলেছে, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 11, 2026
Rating:

No comments: