নিজস্ব প্রতিনিধি,অন্ডাল -: খনি অঞ্চলে ধস যেন এক আতঙ্কের নাম। আর সেই আতঙ্কই ফের বাস্তব হয়ে ধরা দিল অন্ডালের বিশ্বেশ্বরী এলাকায়। মঙ্গলবার দুপুরে আচমকাই ধস নামার ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি কেঁপে ওঠায় প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। বর্তমানে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন খোলা মাঠে।
অন্ডালের বিশ্বেশ্বরীর নীলকণ্ঠ মন্দির থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত ধোবাপাড়া এলাকায় এই ধসের ঘটনা ঘটে। এলাকাটি দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ। স্থানীয়দের দাবি, দুপুরবেলা আচমকাই বিকট শব্দের সঙ্গে মাটি বসতে শুরু করে। ঘরের ভিতর থাকা মানুষজন আতঙ্কে কোনওরকমে বেরিয়ে আসেন। চোখের সামনে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখে কান্নায় ভেঙে পড়েন বহু পরিবার।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানায়। আতঙ্কিত মানুষজন ঘরের আসবাবপত্র ফেলে শুধুমাত্র প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে পাশের মাঠে আশ্রয় নিতে বাধ্য হন।
স্থানীয়দের অভিযোগ, এলাকার কাছেই রয়েছে ইসিএলের বিশ্বেশ্বরী কোলিয়ারি। দীর্ঘদিন ধরে কয়লা উত্তোলনের ফলে ভূগর্ভস্থ অংশ ফাঁকা হয়ে যাওয়ার কারণেই এই ধস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। যদিও ধসের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্তের পরেই আসল কারণ জানা যাবে।
উল্লেখ্য, এর আগেও অন্ডালের জামবাদ খনি এলাকায় ধসের ঘটনায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার পর নিরাপত্তার দাবিতে আন্দোলন হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এদিকে মঙ্গলবারের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একটাই দাবি— দ্রুত তাঁদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক। বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো মানুষজন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, তাঁদের ঘরবাড়ি ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
Reviewed by Social Tribal News Journalist
on
July 28, 2026
Rating:


No comments: