Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রাহুল সংকীর্তনের মূর্তি ঘিরে রণক্ষেত্র রানীগঞ্জ, সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাবি মোড়


 নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ -: পণ্ডিত রাহুল সংকীর্তনের নিখোঁজ মূর্তি পুনঃস্থাপনের দাবিকে কেন্দ্র করে বুধবার বিকেলে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। সিপিএমের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সিপিএম ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

জানা গেছে, প্রায় এক মাস আগে পাঞ্জাবি মোড়ে স্থাপিত পণ্ডিত রাহুল সংকীর্তনের পূর্ণাবয়ব মূর্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ঘটনার তদন্ত, দোষীদের গ্রেফতার এবং অবিলম্বে নতুন করে মূর্তি পুনঃস্থাপনের দাবিতে বুধবার বিকেলে সিপিএমের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিশুবাগান মোড় থেকে শুরু হওয়া মিছিল পাঞ্জাবি মোড়ে এসে শেষ হয় পথসভার মাধ্যমে।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার এতদিন পরেও প্রশাসন প্রকৃত দোষীদের চিহ্নিত বা গ্রেফতার করতে পারেনি। সেই কারণে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।

অভিযোগ, সভা চলাকালীন পাঞ্জাবি মোড়ে নবনির্বাচিত রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষের কার্যালয়ের নির্মাণকাজ চলছিল এবং সেখানে বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। সেই সময় সভা থেকে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে স্লোগান ও বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ চেষ্টার পর দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহলও জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

ঘটনার পর সিপিএম নেতা তথা প্রাক্তন পাণ্ডবেশ্বরের বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ বলেন, মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তবে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে কটূক্তি ও স্লোগান দেওয়ায় তাঁদের কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, রানীগঞ্জে সিপিআইএম এর কর্মীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে । ভবিষ্যতে দলের বিরুদ্ধে কুৎসাও রটানো হলে তার কড়া জবাব দেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। মূর্তি ইস্যুকে ঘিরে শুরু হওয়া এই সংঘর্ষ আগামী দিনে জেলার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

রাহুল সংকীর্তনের মূর্তি ঘিরে রণক্ষেত্র রানীগঞ্জ, সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাবি মোড় রাহুল সংকীর্তনের মূর্তি ঘিরে রণক্ষেত্র রানীগঞ্জ, সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাবি মোড় Reviewed by Social Tribal News Journalist on July 29, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.