অজয়ের স্রোতে ভেসে গেল দরবারডাঙ্গা ঘাটের অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন বীরভূম-ঝাড়খণ্ডের যোগাযোগ; স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছেন শ্রমিক-বাসিন্দারা
জামুড়িয়া, পশ্চিম বর্ধমান | নিজস্ব সংবাদদাতা -: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা অজয় নদীর প্রবল স্রোত আবারও কেড়ে নিল দরবারডাঙ্গা ঘাটের একমাত্র ভরসা। সোমবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ নদীর বেগে ভেসে যায় ঘাটের উপর নির্মিত অস্থায়ী সেতু। মুহূর্তের মধ্যেই পশ্চিম বর্ধমানের জামুড়িয়া এলাকার সঙ্গে বীরভূম ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিনের ভোগান্তি যেন ফের নতুন করে সামনে চলে এল।
পাথর, মাটি ও অস্থায়ী কাঠামো দিয়ে তৈরি এই সেতুই ছিল বীরভূম ও ঝাড়খণ্ডের বহু গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র সহজ পথ। প্রতিদিন শতাধিক শ্রমিক এই সেতু পার হয়ে জামুড়িয়ার বিভিন্ন শিল্পাঞ্চল ও কারখানায় কাজে আসেন। কিন্তু সেতু ভেসে যাওয়ায় সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফিরতে পারেননি অন্তত ১৫ জন শ্রমিক। বাধ্য হয়ে তাঁদের দরবারডাঙ্গা ঘাটেই আটকে থাকতে হয়।
স্থানীয় বাসিন্দারা মানবিকতার পরিচয় দিয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য কাছাকাছি একটি মন্দির ও আশ্রমে রাত কাটানোর ব্যবস্থা করেন। তাঁদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকাজুড়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ অজয় নদীতে ফেরি পরিষেবা চালু হলে ধীরে ধীরে পারাপার শুরু হয়। তবে নৌকার উপর নির্ভরশীল হয়ে পড়ায় যাতায়াতে সময় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার আশঙ্কাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেনুই, ভেলেনি, তামড়া, বরকলা, আরং, পাশুন্ডি, অবজলপুর, মহিতনগর, বাবুইজোড়, কদমডাঙ্গা, আম্বা, সটকি, রশা, বড়ড়া, কাকরতলা, হাত্রাতপুর, শেমল্ডী, পয়থি-সহ বহু গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সেতুর উপর নির্ভর করেন। কিন্তু বর্ষা এলেই অজয়ের প্রবল স্রোতে সেতুটি ভেসে যায়, আর বছরের পর বছর একই দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
শ্রমিকদের অভিযোগ, জীবিকার তাগিদে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে কখনও অস্থায়ী সেতু, কখনও আবার নৌকায় নদী পার হতে বাধ্য হচ্ছেন তাঁরা। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত স্থায়ী সেতু নির্মাণের কোনও বাস্তব উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ তাঁদের।
এলাকাবাসীর বক্তব্য, অজয় নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকার যোগাযোগই সহজ হবে না, শিল্পাঞ্চলে কর্মরত হাজার হাজার শ্রমিকের নিরাপদ যাতায়াতও নিশ্চিত হবে। তাই আর সাময়িক সমাধান নয়, অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে ফের সরব হয়েছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
July 22, 2026
Rating:


No comments: