হারানো ৬১টি মোবাইল ফিরিয়ে দিল জামুড়িয়া থানার পুলিশ ‘ফিরে পাওয়া’ কর্মসূচিতে মালিকদের মুখে হাসি, মোবাইল হারালেই ১৯৩০ নম্বরে যোগাযোগের পরামর্শ পুলিশের
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানা। থানার উদ্যোগে আয়োজিত ‘ফিরে পাওয়া’ কর্মসূচিতে মোট ৬১ জনের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে উপভোক্তাদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি বিমান কুমার মির্ধা, সার্কেল ইন্সপেক্টর মানস দাস, জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা জানান, মোবাইল ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সময় নষ্ট না করে অবিলম্বে ১৯৩০ নম্বরে অভিযোগ জানানো উচিত। দ্রুত অভিযোগ নথিভুক্ত হলে প্রযুক্তির সাহায্যে মোবাইলের অবস্থান শনাক্ত করে উদ্ধারের কাজ অনেক সহজ হয়। তাই এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতনতার সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, একসঙ্গে ৬১টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পারা যেমন আনন্দের, তেমনই এত সংখ্যক মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার ঘটনাও উদ্বেগজনক। তাই প্রত্যেক নাগরিককে নিজের মোবাইল ব্যবহারে আরও সতর্ক থাকার পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই দ্রুত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই উদ্যোগে উপকৃত মানুষজন জামুড়িয়া থানার এই মানবিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু পুলিশের তৎপরতায় সেই হারানো সম্পদ আবারও ফিরে পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।
Reviewed by Social Tribal News Journalist
on
July 07, 2026
Rating:

No comments: