ওভারলোড বালিবাহী ডাম্পারের দাপটে মৃত্যুফাঁদে পরিণত রাস্তা, নিরাপত্তার দাবিতে কার্নালিতে আদিবাসীদের পথ অবরোধ
যীশু হেমব্রম,রানীগঞ্জ -: দীর্ঘদিনের ক্ষোভ অবশেষে বিস্ফোরিত হল রাস্তায়। ওভারলোড বালিবাহী ডাম্পারের লাগামছাড়া চলাচলে ভাঙাচোরা রাস্তা, প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে সোমবার রানীগঞ্জ থানার অন্তর্গত জেমারি গ্রাম পঞ্চায়েতের কার্নালি সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মহিলা ও পুরুষ। তাঁদের একটাই দাবি—অবিলম্বে রাস্তা সংস্কার, ওভারলোড গাড়ির উপর কঠোর নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে দাপিয়ে বেড়ায় ওভারলোড বালি বোঝাই ডাম্পার। ভারী যানবাহনের লাগাতার চাপ সহ্য করতে না পেরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার রাস্তা বসে গিয়ে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ ও পথচারীদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।
বিক্ষোভকারীরা জানান, একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই বাধ্য হয়ে তাঁরা গণআন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাঁদের দাবি, প্রশাসনের উদাসীনতার ফলেই এলাকার মানুষের নিত্যদিনের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তা। রাস্তার ধারে অবস্থিত ওই বিদ্যালয়ে প্রতিদিন শতাধিক শিশু যাতায়াত করে। বেপরোয়া গতির ডাম্পার ও ভাঙাচোরা রাস্তার কারণে সন্তানদের স্কুলে পাঠাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিভাবকেরা।
এক বিক্ষোভকারী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কয়েকদিন আগেই ছাতা ধাওড়া এলাকায় একটি কয়লাবাহি ডাম্পার উল্টে গিয়েছিল। তখন বড় দুর্ঘটনা এড়ানো গেলেও ভবিষ্যতে এমন সৌভাগ্য নাও থাকতে পারে। প্রশাসন কি বড় প্রাণহানির অপেক্ষায় বসে আছে?”
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র মৌখিক আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না। রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি এবং দ্রুত কাজ শুরুর নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলনেরও হুঁশিয়ারি দেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালালেও খবর লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কার বা ওভারলোড ডাম্পারের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপের আশ্বাস মেলেনি। ফলে অবরোধ অব্যাহত ছিল।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও ওভারলোড বালিবাহী ডাম্পারের লাগামছাড়া চলাচলই এই সংকটের মূল কারণ। তাঁদের প্রশ্ন, প্রশাসন কি আবারও কোনও বড় দুর্ঘটনা বা প্রাণহানির পরেই নড়েচড়ে বসবে, নাকি এবার মানুষের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেবে?
Reviewed by Social Tribal News Journalist
on
July 13, 2026
Rating:

No comments: