নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার গভীর রাতে জামুড়িয়া থানার অন্তর্গত বেলবাদ প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় অবৈধ অস্ত্রের লেনদেনের বিষয়ে-এর কাছে নির্দিষ্ট গোপন তথ্য পৌঁছায়। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। বেলবাদ ওয়েটিং এরিয়ায় নজরদারির সময় এক সন্দেহভাজন যুবক পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
ধৃতের দেহ তল্লাশি চালিয়ে একটি রাউন্ড ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। ধৃতের নাম খৈরুল আলম চৌধুরী (২৪)। তিনি পাণ্ডবেশ্বর থানার ডালুর বাঁধ এলাকার বাসিন্দা।
তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক অস্ত্র গুলির উৎস কিংবা সেগুলি কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল, সে বিষয়ে সন্তোষজনক কোনও তথ্য দিতে পারেনি। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে বৃহত্তর কোনও অবৈধ অস্ত্র পাচারচক্রের যোগ থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারের পর অভিযুক্তকে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত আরও জোরদার করা হয়েছে।
জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এসটিএফ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 31, 2026
Rating:

No comments: