Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রথের মেলায় আইনের বার্তা: নারী অধিকার ও নিঃশুল্ক আইনি সহায়তা পৌঁছে দিতে রানীগঞ্জ রাজবাড়িতে ডিএলএসএ-র বিশেষ সচেতনতা শিবির



 নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ -: ঐতিহ্যের আবহে মুখর রানীগঞ্জ রাজবাড়ির শতাব্দীপ্রাচীন রথযাত্রার মেলায় এবার ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি গুরুত্ব পেল আইন সচেতনতার বার্তাও। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি (ডিএলএসএ)-র উদ্যোগে আয়োজিত হল বিশেষ আইন সচেতনতা ও বিনামূল্যে আইনি সহায়তা শিবির, যেখানে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের তাঁদের সাংবিধানিক ও আইনগত অধিকার সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

শিবিরে উপস্থিত থেকে আইনজীবী আম্রপালি চক্রবর্তী বলেন, রথযাত্রার এই ঐতিহ্যবাহী মেলায় প্রতি বছর কয়েক হাজার মানুষের সমাগম হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে আইনের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, সরকার নারী সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে একাধিক আইন ও বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা চালু করলেও অধিকাংশ মহিলা সেই অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত নন। ফলে বহু ক্ষেত্রেই তাঁরা আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হন।

তিনি জানান, শিবিরে উপস্থিত মহিলাদের জানানো হয় যে পারিবারিক নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, ভরণপোষণ, গার্হস্থ্য হিংসা কিংবা অন্য কোনও আইনগত সমস্যার মুখোমুখি হলে তাঁরা নির্ভয়ে আইনের আশ্রয় নিতে পারেন। এছাড়াও ১৫১০০ জাতীয় আইনি সহায়তা হেল্পলাইন নম্বর সম্পর্কে সচেতন করা হয়, যেখানে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত পরামর্শ ও সহায়তা পাওয়া সম্ভব।

আম্রপালি চক্রবর্তী আরও জানান, নির্দিষ্ট আর্থিক মানদণ্ডের আওতাভুক্ত মহিলারা হাইকোর্ট পর্যন্ত নিঃশুল্ক আইনি সহায়তা ও মামলা পরিচালনার সুবিধা পাওয়ার অধিকারী। এই ধরনের গুরুত্বপূর্ণ আইনগত অধিকার সম্পর্কে অধিক সংখ্যক মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই রথযাত্রার মতো বৃহৎ জনসমাগমকে বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে, রানীগঞ্জ রাজবাড়ি পরিবারের সদস্য অনুরাধা মালিয়া বলেন, রথযাত্রার মেলা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মিলনক্ষেত্র। তাই এবারের আয়োজনে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি একটি সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি হিসেবে আইন সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে মহিলাদের আইনগত অধিকার ও সরকারি সহায়তা সম্পর্কে সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এই শিবির সফলভাবে আয়োজনের ক্ষেত্রে আম্রপালি চক্রবর্তীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ত পেশাগত সময়সূচির মধ্যেও তিনি উপস্থিত থেকে বহু মহিলাকে আইন সম্পর্কে সচেতন করেছেন। তাঁর এই আন্তরিক সহযোগিতার জন্য রাজবাড়ি পরিবারের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

রথযাত্রার ধর্মীয় আবহের মধ্যেই আইন সচেতনতার এমন উদ্যোগ শুধু একটি শিবির নয়, বরং ন্যায়বিচারকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক তাৎপর্যপূর্ণ সামাজিক প্রয়াস বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

রথের মেলায় আইনের বার্তা: নারী অধিকার ও নিঃশুল্ক আইনি সহায়তা পৌঁছে দিতে রানীগঞ্জ রাজবাড়িতে ডিএলএসএ-র বিশেষ সচেতনতা শিবির রথের মেলায় আইনের বার্তা: নারী অধিকার ও নিঃশুল্ক আইনি সহায়তা পৌঁছে দিতে রানীগঞ্জ রাজবাড়িতে ডিএলএসএ-র বিশেষ সচেতনতা শিবির Reviewed by Social Tribal News Journalist on July 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.