Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

যন্তর-মন্তরের ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ–জামুড়িয়ায় বাম সংগঠনগুলির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি


নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ/জামুড়িয়া, পশ্চিম বর্ধমান -: দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সোমবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ও জামুড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বামপন্থী ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনগুলি। ডি.ওয়ায় এস.এফ.আই - বাম মহিলা সংগঠন, শ্রমিক সংগঠন এবং সি.পি.আই.এম -এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়।

আয়োজকদের দাবি, লাদাখের পরিবেশ সংরক্ষণ ও শিক্ষা-সহ একাধিক দাবিতে আন্দোলনরত সোনম ওয়াংচুকের সমর্থনে যন্তর-মন্তরে জড়ো হওয়া আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করেছে। সেই ঘটনার প্রতিবাদেই এদিন রানীগঞ্জ ও জামুড়িয়ায় পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

রানীগঞ্জে নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন সিটু নেতা ও প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সুপ্রিয় রায়, কৃষ্ণা দাশগুপ্ত, হেমন্ত প্রভাকর-সহ বাম নেতৃত্ব। অন্যদিকে, জামুড়িয়ায় আপ্যায়ন ম্যারেজ হল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থানা মোড় ও বাসস্ট্যান্ড এলাকা পরিক্রমা করে শেষ হয়। কর্মসূচিতে ছাত্র-যুব সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম-এর অজয় ওয়েস্ট এরিয়া কমিটির সম্পাদক সমিত কবি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা ক্রমশ বাণিজ্যিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিবাদের ক্ষেত্রও সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতির নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

প্রাক্তন ডি.ওয়ায় নেতা বুদ্ধদেব রজক বলেন, যন্তর-মন্তরের ঘটনায় যুব আন্দোলনের উপর আঘাত হানা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও তিনি উল্লেখ করে সরকারের ভূমিকার সমালোচনা করেন।

সি.পি.আই.এম নেতা মাস্টার শব্বীর হুসেন তাঁর বক্তব্যে বলেন, সাধারণ মানুষের নাগালের বাইরে শিক্ষা চলে যাচ্ছে বলে তাঁদের অভিযোগ। একই সঙ্গে যন্তর-মন্তরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বৃহত্তর ঐক্যের আহ্বান জানান।

কর্মসূচির শেষে সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সরকার যথাযথ পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটা হবে। তবে এদিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
 

যন্তর-মন্তরের ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ–জামুড়িয়ায় বাম সংগঠনগুলির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যন্তর-মন্তরের ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ–জামুড়িয়ায় বাম সংগঠনগুলির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি Reviewed by Social Tribal News Journalist on July 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.