নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: ওবিসি সংরক্ষণে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রানীগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল হিন্দু ওবিসি ফ্রন্ট। বিক্ষোভ মিছিল শেষে রানীগঞ্জ বিডিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়ে সংগঠনের পক্ষ থেকে ১১ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি বিডিও-র হাতে তুলে দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে বিডিও দপ্তর চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
সংগঠনের দাবি, মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী দেশে অন্যান্য রাজ্যে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ কার্যকর হলেও পশ্চিমবঙ্গে সেই সংরক্ষণ দীর্ঘদিন ধরেই মাত্র ৭ শতাংশে সীমাবদ্ধ রয়েছে। তাঁদের অভিযোগ, এই পরিস্থিতির ফলে রাজ্যের বহু ওবিসি পরিবারের ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীরা বঞ্চনার শিকার হচ্ছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের অভিযোগ, অতীতে ওবিসি তালিকাভুক্তি নিয়ে একাধিক অনিয়ম হয়েছে। বিষয়টি আদালতে গড়ানোর পর বিভিন্ন নির্দেশ জারি হওয়ায় সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্র এবং তার ভবিষ্যৎ নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সংরক্ষণের হার কমে যাওয়ায় প্রকৃত ওবিসি সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও তাঁদের দাবি।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, পশ্চিমবঙ্গে হিন্দু ওবিসি জনসংখ্যা প্রায় ৩৮-৩৯ শতাংশ হলেও সেই অনুপাতে সংরক্ষণের সুবিধা তাঁরা পাচ্ছেন না। তাই অবিলম্বে ওবিসি সংরক্ষণ ২৭ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় জটিলতার দ্রুত সমাধানেরও আবেদন করা হয়।
হিন্দু ওবিসি ফ্রন্টের নেতৃত্ব জানায়, রানীগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে রাজ্যের ৩৪৩টি ব্লকে বিস্তৃত করা হবে। প্রতিটি সমষ্টি উন্নয়ন দপ্তরে একই দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু ওবিসি ফ্রন্টের রাজ্য কনভেনার নয়ন গোপ, জেলা কনভেনার পিঙ্কি গোপ-সহ গোপালা গোয়ালা মহাসংঘ ও গোয়ালা সমাজের সদস্যরা।
Reviewed by Social Tribal News Journalist
on
July 23, 2026
Rating:

No comments: