নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার চালু, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ এবং রাজ্যজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার রানীগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল করল সিপিআই(এম)-এর রানীগঞ্জ এরিয়া কমিটি। ‘ডবল ইঞ্জিন সরকারের জবাব চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা।
শনিবার বিকেলে পোস্ট অফিস ময়দান থেকে লাল পতাকা, ব্যানার ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে কয়েকশো কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। মিছিলটি এনএসবি রোড, তারবাংলা, বড়বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। পথে পথে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন বাম কর্মী-সমর্থকরা।
মিছিল থেকে সিপিআই(এম)-এর পক্ষ থেকে পুনর্বাসন ছাড়া বস্তি ও হকার উচ্ছেদ বন্ধ, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ, স্মার্ট মিটার প্রত্যাহার এবং রাজ্যজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিল শেষে নেতাজি মূর্তির সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সুপ্রিয় রায়। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার অধিকাংশই পূরণ হয়নি। বরং গরিব ও শ্রমজীবী মানুষের রুটি-রুজি এবং বাসস্থানের উপর আঘাত নামিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের একাংশ বিজেপিতে যোগ দিচ্ছেন এবং সাধারণ মানুষের স্বার্থের প্রশ্নে বিজেপি ও তৃণমূল একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
তিনি আরও বলেন, মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় এই আন্দোলন আগামী দিনেও আরও জোরদার হবে। এদিনের মিছিলে সিপিআই(এম)-এর বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি রানীগঞ্জের রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 11, 2026
Rating:

No comments: