জামুড়িয়ায় শ্রদ্ধার সঙ্গে পালিত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১৩তম জন্মজয়ন্তী, বিভিন্ন এলাকায় স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য
জামুড়িয়া, নিজস্ব সংবাদদাতা -: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বামপন্থী নেতা জ্যোতি বসুর ১১৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার জামুড়িয়া বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে সিপিআই(এম)-এর উদ্যোগে একাধিক স্মরণসভা, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকরা জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রশাসনিক দক্ষতা এবং জনমুখী কর্মকাণ্ডকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দামোদরপুরের শ্রমিক ভবনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা তাপস কবি ও এমডি কলিমুদ্দিন। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের স্বার্থে জ্যোতি বসুর অবদান আজও রাজনৈতিক মহলে অনুকরণীয়। তাঁর আদর্শ আগামী প্রজন্মের কর্মীদের পথ দেখাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমিত কবি, বুধদেব রজক, শুভাশিস বন্দ্যোপাধ্যায়-সহ বহু দলীয় নেতা ও কর্মী।
অন্যদিকে, জামুড়িয়া বাজার এলাকায় সিপিআই(এম)-এর যুব নেতা বিকাশ যাদবের নেতৃত্বে জন্মজয়ন্তী পালন করা হয়। সেখানে জ্যোতি বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল দাস, শামশের সিদ্দিকি, নুরি খাতুন, শঙ্কর রবানি-সহ অন্যান্য কর্মীরা।
এছাড়াও পরিহারপুর-১০ এলাকার বিকাশ চৌধুরী মেমোরিয়াল হলে এমডি কাইয়ুমের নেতৃত্বে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জ্যোতি বসুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজ্যের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
একইসঙ্গে অজয় পূর্ব এরিয়া অফিসেও মনোজ দত্তের নেতৃত্বে জ্যোতি বসুর জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকুমার সাংঘুই, তুষার গোস্বামী, হরাধন গোপ-সহ একাধিক দলীয় পদাধিকারী ও কর্মী।
সবকটি অনুষ্ঠানেই বক্তারা জ্যোতি বসুর আদর্শ, নীতি ও জনসেবার দর্শন অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মানুষের মধ্যে তাঁর চিন্তাধারা আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
July 08, 2026
Rating:

No comments: