নিজস্ব প্রতিবেদক, রানীগঞ্জ -: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং দেশজুড়ে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রানীগঞ্জ। শনিবার রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় সংলগ্ন ভগৎ সিং মূর্তির পাদদেশে একটি প্রতিবাদ সভার আয়োজন করে ‘ভীম আর্মি’ সংগঠন। এই কর্মসূচিতে সংগঠনের বহু ছাত্র, যুব, নারী ও পুরুষ শামিল হয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে যাওয়া ছাত্র-যুবদের ওপর বর্বরোচিত লাঠিচার্জ করেছে পুলিশ প্রশাসন, যা কোনোভাবেই মেনে নেওয়া নেওয়া যায় না। তাঁদের আরও দাবি, কোনো রকম ‘নেমপ্লেট’ ছাড়াই একদল পুলিশ কর্মী পরিচয় লুকিয়ে আন্দোলনকারীদের ওপর অমানুষিক অত্যাচার চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি তোলেন তাঁরা।
এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে দেশজুড়ে চলমান নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়। ভীম আর্মির প্রতিনিধিদের বক্তব্য, বারবার প্রশ্ন ফাঁসের ফলে দেশের লক্ষ লক্ষ মেধাভী ছাত্রছাত্রীর দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছাত্র যুবদের কঠোর পরিশ্রম এবং ভবিষ্যৎ সম্পূর্ণ বেকার হয়ে পড়ছে। এই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে এই প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত মূল মাথাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রানীগঞ্জ থানার পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে পুলিশি কড়া পাহারার মধ্যে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ কর্মসূচি চললেও, শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল এবং কোনো রকম আপত্তিকর বা অশান্তির ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে জানা গেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 25, 2026
Rating:

No comments: