পুরবোর্ড ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই তৎপরতা, আসানসোল পুরনিগমে মন্ত্রীর 'লাইভ ফোন-ইন' সরাসরি জনতার অভিযোগ শুনলেন অগ্নিমিত্রা পাল, দ্রুত সমাধানের আশ্বাস
নিজস্ব সংবাদদাতা | আসানসোল -: আসানসোল পুরনিগমের বোর্ড ভেঙে দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আসানসোল পুরনিগমের পুর কমিশনারের দপ্তরে বসে 'লাইভ ফোন-ইন' কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও পরামর্শ সরাসরি শুনলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এই বিশেষ উদ্যোগে আসানসোল পুরনিগম এলাকার বাসিন্দারা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে তাঁদের এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন। রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট, রাস্তার আলোর সমস্যা, পরিচ্ছন্নতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিযোগ জানান সাধারণ মানুষ।
প্রতিটি ফোনকল অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন মন্ত্রী। অভিযোগকারীর ফোন নম্বর ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করার পর তিনি জানান, আসানসোল পুরনিগমের সংশ্লিষ্ট আধিকারিকরা দ্রুত অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শুধু অভিযোগ গ্রহণেই সীমাবদ্ধ থাকেননি মন্ত্রী। ফোনে উঠে আসা বিভিন্ন সমস্যার ভিত্তিতে উপস্থিত প্রশাসনিক ও পুর আধিকারিকদের তাৎক্ষণিক নির্দেশ দেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং সাধারণ মানুষকে অযথা ভোগান্তির শিকার হতে না হয়।
এদিনের এই কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, আসানসোল পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী এবং পুরনিগমের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
রাজ্য সরকারের এই উদ্যোগকে নাগরিক পরিষেবা আরও জনমুখী ও জবাবদিহিমূলক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের আশা, এই ধরনের সরাসরি যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত হবে এবং তার কার্যকর সমাধানও নিশ্চিত করা সম্ভব হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 09, 2026
Rating:

No comments: