নিজস্ব সংবাদদাতা, আসনসোল/শীতলপুর -: অবৈধ কয়লা খনন ও পাচারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। ভারত সরকারের 'জিরো কোল লিকেজ' নীতিকে সামনে রেখে ইসিএল শীতলপুর ইউনিটের উদ্যোগে গত ২৯ ও ৩০ জুলাই টানা বিশেষ অভিযান চালিয়ে ১৩৪.৬৮০ মেট্রিক টন অবৈধ কয়লা এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭.৯৩ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
সিআইএসএফ সূত্রে খবর, কমান্ড্যান্ট রাহুল সিং গৌতম-এর নেতৃত্বে এবং উপ-কমান্ড্যান্ট দেবাশীষ ব্যাস-এর তত্ত্বাবধানে মুগমা, মোহনপুর, চিত্রা, শঙ্করপুর, কুনুস্তোড়িয়া, সোনপুর বাজারি ও রাজমহল এলাকায় একযোগে অভিযান চালানো হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সবচেয়ে বেশি সাফল্য মেলে মুগমা এলাকায়। সেখান থেকেই উদ্ধার হয় ১০২.৭০০ মেট্রিক টন অবৈধ কয়লা।
বাজেয়াপ্ত কয়লা এমএমডিআর আইন অনুযায়ী ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। সিআইএসএফ-এর এক আধিকারিক জানান, অবৈধ কয়লা পাচার, চুরি ও খননের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে ধারাবাহিক ও কড়া অভিযান চালানো হবে। সরকারের 'জিরো কোল লিকেজ' কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 30, 2026
Rating:

No comments: