এনসিডব্লিউ-১২ বেতন চুক্তির দাবিতে ইসিএলে গর্জে উঠল সিটু, বালি চুরি ও শ্রম কোড ইস্যুতে কেন্দ্র-ইসিএলকে তীব্র নিশানা
বিক্ষোভ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। তিনি কেন্দ্র সরকার ও ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, কয়লাখনি শ্রমিকদের পাঁচ বছর অন্তর মজুরি সংশোধনের কথা থাকলেও এনসিডব্লিউ-১২ চুক্তি এখনও কার্যকর করা হয়নি। নির্ধারিত সময় অতিক্রম করার পরও কর্তৃপক্ষ বিষয়টি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে গোটা কয়লাঞ্চলে সিটুর নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন আরও জোরদার হবে।
মীনাক্ষী মুখার্জি আরও বলেন, কয়লা ও বালি চুরি রুখতে প্রশাসন এবং ইসিএল সম্পূর্ণ ব্যর্থ। একইসঙ্গে কেন্দ্রের শ্রম কোডের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করে শিল্পক্ষেত্রে কর্পোরেট স্বার্থ রক্ষার চেষ্টা চলছে। এই ‘কালা আইন’-এর বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সিটু-সমর্থিত সিএমএসআই-এর সাধারণ সম্পাদক মনোজ দত্ত বলেন, ভূগর্ভস্থ খনিতে নিয়মিত বালি ভরাট না হলে বড় ধরনের ধস ও প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম্যের কারণে সেই কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে শুধু খনি শ্রমিক নয়, খনি সংলগ্ন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের জীবনও চরম ঝুঁকির মুখে পড়ছে।
তিনি অবিলম্বে এনসিডব্লিউ-১২ কার্যকর করতে জেবিসিসিআই কমিটি গঠনের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে কয়লাখনি শ্রমিকরা শতভাগ ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবেন এবং তার সম্পূর্ণ দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
আন্দোলনের পরবর্তী কর্মসূচিও এদিন ঘোষণা করা হয়। সিটু নেতৃত্ব জানায়, আগামী সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে শাঁকতোড়িয়ায় ইসিএলের সদর দপ্তর ঘেরাও করে মহাসমাবেশ করা হবে। তারপরও সমস্যার সমাধান না হলে রানীগঞ্জ থেকে রাজারহাটে কোল ইন্ডিয়ার সদর দপ্তর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা এবং বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
সংগঠনের দাবি, ইসিএলের ১৪টি এরিয়ার মধ্যে ইতিমধ্যেই ৬টি এরিয়ায় একই ধরনের বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এর আগে ৫২টি কোলিয়ারিতে পিট মিটিং ও ডেপুটেশন কর্মসূচিও পালন করা হয়েছে।
সভা শেষে শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিটু নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 30, 2026
Rating:

No comments: