সালানপুরে চলতি কারখানা দখলের চেষ্টার অভিযোগ, আদালতের স্থগিতাদেশ অমান্যের দাবি; কাঠগড়ায় এম.এস.পি.এল
নিজস্ব সংবাদদাতা, সালানপুর -: পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী এলাকার দেন্দুয়ায় একটি চলতি শিল্প কারখানা দখলের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কারখানার মালিক সত্যনারায়ণ সোনকরের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ (ইনজাংশন) কার্যকর থাকা সত্ত্বেও জোরপূর্বক তাঁর কারখানায় প্রবেশ করে দখলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগকারী সত্যনারায়ণ সোনকর জানান, তিনি দীর্ঘদিন ধরে সমস্ত প্রয়োজনীয় আইনি নথি ও সরকারি অনুমোদন নিয়ে ‘মহাদেব এন্টারপ্রাইজ’ নামে কারখানাটি পরিচালনা করছেন। কারখানার সীমানা প্রাচীর, চিমনি, বিদ্যুতের সংযোগ, জিএসটি-সহ অন্যান্য নথি তাঁর নামেই রয়েছে বলে দাবি করেন তিনি।
সত্যনারায়ণ সোনকরের বক্তব্য, ২০২৪ সালে তিনি জমির মালিক দিলীপ চৌধুরী ও তাঁর ছেলে বিশ্বজিৎ চৌধুরী (বুড়া)-র কাছ থেকে জমিটি লিজ নেন। লিজ চুক্তিতে উল্লেখ ছিল, ভবিষ্যতে জমি বিক্রির সিদ্ধান্ত হলে প্রথমে সেটি কেনার সুযোগ তাঁকেই দিতে হবে। কিন্তু সেই শর্ত উপেক্ষা করে প্রায় এক মাস আগে জমিটি তাঁর অজান্তেই মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এরপর তিনি আসানসোল আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি, আদালত বিতর্কিত জমির উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে স্থগিতাদেশ জারি করে। কিন্তু সেই নির্দেশ কার্যকর থাকা সত্ত্বেও কারখানা দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।
অভিযোগ, ঘটনার দিন দুপুরে শ্রমিকরা খাবার খেতে যাওয়ার সময় কারখানার গেট বন্ধ ছিল। সেই সুযোগে কয়েকজন ব্যক্তি গেটের তালা ভেঙে কারখানার ভিতরে প্রবেশ করে সংস্থার মাটি, ধ্বংসাবশেষ (রাবিশ) ও অন্যান্য সামগ্রী ফেলে দখল নেওয়ার চেষ্টা করে।
সত্যনারায়ণ সোনকরের অভিযোগ, বিষয়টি বারবার পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই ঘটনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের একাংশের মত, আদালতের নির্দেশ কার্যকর থাকা অবস্থায় এ ধরনের অভিযোগ সামনে আসা অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Reviewed by Social Tribal News Journalist
on
July 26, 2026
Rating:

No comments: