নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: কর্মদিবস শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর এক খনি শ্রমিক। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের সাতগ্রাম এরিয়ার জে কে নগর কোলিয়ারিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃত কর্মীর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরির দাবিতে একাধিক শ্রমিক সংগঠন যৌথভাবে কোলিয়ারি চত্বরে বিক্ষোভে সামিল হয়।
জানা গিয়েছে, মৃত কর্মীর নাম সুবল মাজি (৪৮)। তিনি জামুড়িয়া থানার বিজপুর এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার নিয়ম মাফিক দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় সাতগ্রাম ফাঁটকের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি অজ্ঞাত পরিচয় দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জে কে নগর কোলিয়ারিতে নেমে আসে শোকের ছায়া। কিছুক্ষণের মধ্যেই কোলিয়ারির সামনে জড়ো হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। সিআইটিইউ, বিএমএস, এইচএমএস, আইএনটিইউসি, আইএনটিটিইউসি, কেকেএসসি-সহ একাধিক সংগঠন যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় ইসিএলের নিয়ম অনুযায়ী মৃত শ্রমিকের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে সহানুভূতিশীল ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা উচিত। সেই দাবিতেই তারা কোলিয়ারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষ। দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন মহলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ প্রত্যাহার করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায়। অজ্ঞাত গাড়িটির খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতেও তদন্ত চালাচ্ছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
July 30, 2026
Rating:

No comments: