Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মহিশিলায় বিদ্যুতের তার চুরির সন্দেহে তিন যুবককে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা এলাকার খুদিরাম পার্কে শুক্রবার বিদ্যুতের তার চুরির সন্দেহকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তিন যুবককে আটক করে পুলিশে খবর দেওয়ার আগেই তাঁদের মারধর করেন বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের দাবি, মহিশিলার খুদিরাম পার্ক ও সংলগ্ন শিমুলতলা এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে। বারবার এই ধরনের ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছিল। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকেও নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

শুক্রবার তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করেন। এরপর চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার একাংশ তাঁদের মারধর করে বলে জানা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিন যুবক আদৌ বিদ্যুতের তার চুরির সঙ্গে যুক্ত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে এলাকায় পূর্বে ঘটে যাওয়া তার চুরির ঘটনাগুলির সঙ্গে তাঁদের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পুলিশ সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানিয়েছে, কোনও অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপের খবর পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে অবিলম্বে পুলিশকে জানাতে। এতে যেমন আইনশৃঙ্খলা বজায় থাকবে, তেমনই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যও সামনে আসবে।

মহিশিলায় বিদ্যুতের তার চুরির সন্দেহে তিন যুবককে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে মহিশিলায় বিদ্যুতের তার চুরির সন্দেহে তিন যুবককে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে Reviewed by Social Tribal News Journalist on July 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.