আসানসোল -: প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বনজেমারি কোলিয়ারির ওপেন কাস্ট (ওসিপি) কয়লা খাদানের পাশ থেকে উদ্ধার হল এক ২৫ বছর বয়সি যুবতীর পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে রবিবার সকালে সালানপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃতার নাম পূর্ণিমা বাউরি (২৫)। তিনি সালানপুর গ্রাম পঞ্চায়েতের শিবদাসপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম রাবণ বাউরি।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই পূর্ণিমা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সালানপুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। কিন্তু দীর্ঘ এক সপ্তাহ কেটে গেলেও তাঁর কোনও সন্ধান মেলেনি।
রবিবার সকালে বনজেমারি কোলিয়ারির ওসিপি কয়লা খাদানের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা একটি পচাগলা দেহ দেখতে পান। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনার ফল—সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এক সপ্তাহ নিখোঁজ থাকার পর যুবতীর দেহ উদ্ধার হওয়ায় মৃত্যুর রহস্য নিয়ে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার-সহ গোটা এলাকা।
Reviewed by Social Tribal News Journalist
on
July 12, 2026
Rating:

No comments: