ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে ‘হেল্পিং হ্যান্ড ফর আনন্দ অভিযান’-এর পথচলা শুরু ৫০০ পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্য প্যাকেট, শিক্ষা-পরিবেশ-নারী ক্ষমতায়নে কাজের অঙ্গীকার
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে রানীগঞ্জের শিশুবাগান এলাকার নজরুল মঞ্চে আত্মপ্রকাশ করল নতুন সামাজিক সংগঠন ‘হেল্পিং হ্যান্ড ফর আনন্দ অভিযান’। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে সমাজসেবার অঙ্গীকারের পাশাপাশি প্রায় ৫০০ জন আর্থিকভাবে অসচ্ছল শিশুর হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্য প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সূচনা হয় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। পরে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্চনা হাজরা, বিজেপি রানীগঞ্জ মণ্ডল-১-এর সভাপতি শামশের সিং, সহ-সভাপতি তুষার কান্তি বন্দ্যোপাধ্যায়, জেলা কমিটির সদস্য মনোজ ওঝা, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সম্পাদক তেজপ্রতাপ সিং, রানীগঞ্জ প্রখণ্ডের সম্পাদক বিশ্বজিৎ গোরাই, ভারতীয় যুব মোর্চার মণ্ডল সভাপতি মনু বর্মা, কিষাণ মোর্চার সভাপতি তপন চক্রবর্তী, ওবিসি মোর্চার সভাপতি সঞ্জয় সিং, জ্যাকি বধানী, সংগঠনের প্রতিষ্ঠাতা সঞ্জয় সিং, সহ-প্রতিষ্ঠাতা রোহিত সোনি, সভাপতি আনন্দ চৌরাসিয়া, সম্পাদক ভীম চৌরাসিয়া, সহ-সম্পাদক দীপক চান্দালিয়া, উত্তম স্বর্ণকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা রোহিত সোনি জানান, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। অর্থের অভাবে যাতে কোনো শিশুর পড়াশোনা বন্ধ না হয়, সেই উদ্দেশ্যেই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেই প্রায় ৫০০ শিশুর হাতে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আনন্দ চৌরাসিয়া বলেন, শুধুমাত্র শিক্ষা নয়, আগামী দিনে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, নারী ক্ষমতায়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পাশে থাকার লক্ষ্য নিয়েই এই সংগঠন কাজ করবে। তিনি জানান, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে ধারণ করে মানবসেবাকেই সংগঠনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করা হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 06, 2026
Rating:


No comments: