কেন্দা ওপেন কাস্ট প্রকল্পে সরেজমিনে বিধায়ক ডা. বিজন মুখার্জি, উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের স্বার্থ রক্ষায় জোর
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর কেন্দা এলাকার ওপেন কাস্ট কয়লা খনি সম্প্রসারণ প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের স্বার্থ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতেই সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখার্জি। পরিদর্শনের সময় তিনি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, দাবি ও উদ্বেগের কথা শোনেন।
এরপর ইসিএলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে বিধায়ক পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণ, জলসম্পদ রক্ষা এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, শিল্প ও খনি প্রকল্পের সম্প্রসারণ অবশ্যই প্রয়োজন, তবে সেই উন্নয়নের সুফল যেমন মানুষের কাছে পৌঁছাবে, তেমনি কোনও পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেও সমান নজর রাখতে হবে।
বৈঠকে ডা. মুখার্জি বিশেষভাবে এলাকায় পর্যাপ্ত সংখ্যক উন্নতমানের পুকুর নির্মাণের দাবি তোলেন। তাঁর মতে, ভবিষ্যতের জলসংকট মোকাবিলা, জল সংরক্ষণ এবং স্থানীয় মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই পুকুরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও এই উদ্যোগ কার্যকর হবে।
পরিদর্শন শেষে বিধায়ক বলেন, "জামুড়িয়া শুধু আমার কর্মভূমি নয়, এটি আমার জন্মভূমি। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই তাঁদের স্বার্থ রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। উন্নয়নের নামে সাধারণ মানুষের অধিকার কোনওভাবেই খর্ব হতে দেওয়া হবে না।"
তিনি আরও জানান, কেন্দা ওপেন কাস্ট প্রকল্পের সম্প্রসারণের প্রতিটি ধাপ তিনি নজরে রাখবেন। স্থানীয় মানুষের নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য ইসিএল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, প্রকল্পের উন্নয়নের পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলিরও দ্রুত সমাধান হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 10, 2026
Rating:


No comments: